বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
নিজ দায়িত্বে বিদ্যুতের অপচয় কমাতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম

বিদ্যুৎসহ রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে সামান্য সাশ্রয়ের অভ্যাস গড়ে তুলতে পারলে সম্মিলিতভাবে বড় ধরনের সাশ্রয় সম্ভব। এতে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াও সহজ হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব দেশেই সম্পদ সীমিত, আর বাংলাদেশের সম্পদ আরও সীমিত। তাই বিদ্যুৎসহ অন্যান্য সম্পদের ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বত্র অপচয় রোধে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

প্রধানমন্ত্রীর দৈনন্দিন জীবনযাপনের উদাহরণ তুলে ধরে আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত জীবনেও মিতব্যয়ী এবং রাষ্ট্রীয় অর্থের অপচয় পছন্দ করেন না। দাপ্তরিক কাজ শেষে রাতে অফিস ছাড়ার সময় তিনি অপ্রয়োজনীয় বাতি বন্ধ করেন। পাশাপাশি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার মতো পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করেন। এসব কাজ তিনি নিজ হাতেই করেন বলে জানান প্রতিমন্ত্রী।

পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও রাস্তাঘাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির ভেতরে-বাইরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে শুধু এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কিংবা ইতিবাচক-নেতিবাচক আলোচনা যা-ই হোক, বাস্তবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নিয়মিত উদ্যোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমেই এর সুফল পাওয়া সম্ভব।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীও বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারে মানুষকে উৎসাহিত করছেন। তার এসব উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম সাইফুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


কেকে/সাশ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close