সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। পূজা নির্বিঘ্নে উদযাপনে দায়িত্ব পালনের জন্য পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে নিজ বাসভবন থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে ফোন করে এ ধন্যবাদ জানান রিজভী। এ সময় তিনি সারাদেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের কারণে এবার নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সম্ভব হয়েছে। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন তিনি।
এবার দীর্ঘ ছুটির মধ্যে সারাদেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। আয়োজকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। কোথাও অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফোনালাপে আইজিপি আলী হোসেন ফকিরও সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি।
কেকে/এআই