ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্বামীর রেখে যাওয়া বসতঘর ও জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে ছেলের ও তার স্ত্রীর বিরুদ্ধে মাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী মনোয়ারা বেগম জানিয়েছেন।
অভিযুক্ত ছেলে মাসুদ রানা ও তার স্ত্রী সুবর্ণা আক্তার।
মনোয়ারা বেগমের অভিযোগ, তার স্বামী মৃত নূরুল ইসলাম বসতঘর ও জমি তার নামে লিখে দিয়ে গেছেন। সেই সম্পত্তি ছেলে মাসুদ রানার নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এর জের ধরে ছেলে ও তার স্ত্রী তাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী মনোয়ারা বেগম বর্তমানে তার বোনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তার দুই ছেলে রয়েছে। তাদের মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত। অন্য ছেলে জীবিকার তাগিদে রিকশা চালান এবং স্ত্রীকে নিয়ে এলাকার বাইরে অবস্থান করছেন বলে অভিযোগকারীর বক্তব্যে জানা গেছে।
মনোয়ারা বেগমের অভিযোগ, অভিযুক্ত ছেলের ভয়ে তার অন্য ছেলে এলাকায় অবস্থান করতে পারছেন না। স্বামীর রেখে যাওয়া বসতভিটা হারানোর আশঙ্কায় তিনি এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ দিকে মাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুদ রানা। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমার ভাইয়েরা আমার মাকে প্রভাবিত করে আমাকে বাড়িছাড়া করার জন্য উঠে-পড়ে লেগেছে। মাকে মারধরের ঘটনাটিও সম্পূর্ণ মিথ্যা। এর আগেও আমার মা এমন অনেক ঘটনা ঘটিয়েছেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে।’
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাত রোমন বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এআই