ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টার অভিযোগে কাউসার আহম্মেদ (২৪) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের বাংলাদেশ কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার কাউসার আহম্মেদ ওই ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।
জানা যায়, ডাকাতির সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যাংকটির সোহাগী বাজার শাখার সাধারণ কর্মকর্তা নাজমুল হক (৩২) বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউসারকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (২২) জানান, বুধবার দিবাগত রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মূল ফটক ভেঙে কাউসার ভেতরে ঢুকে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। পরে গামছা দিয়ে মুখও বেঁধে তাকে আটকে রাখা হয়।
মাজহারুল ইসলাম বলেন, ‘এরপর ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করলে আমি বাঁধন খুলে দৌড়ে গিয়ে চিৎকার করি। এ সময় বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এসে কাউসারকে আটক করে পুলিশে দেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।’
সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হাসান বলেন, ‘ঘটনার সময় নিরাপত্তাকর্মী মাজহারুলের হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ডাকাতির চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে এমন ঘটনা খুবই উদ্বেগজনক। গ্রেপ্তার ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘এ ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দস্যুতা আইনে মামলা রুজু করে অন্যান্য আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে।’
কেকে/এআই