বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      
দেশজুড়ে
শীতের সবজি বাজারে উঠতে শুরু করলেও দাম চড়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। সরবরাহ বাড়ায় শিম, বেগুন ও কাঁচামরিচের দাম কমেছে। তবে টমেটোসহ অধিকাংশ পণ্যের দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাছের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মুরগি ও ডিমের বাড়তি দামে চাপে রয়েছেন ক্রেতারা।
 
শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে ফরিদপুরের বিভিন্ন কাঁচাবাজারে ক্রেতা কম থাকায় মাছ ও কিছু সবজির দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর ভোগান্তি কমেনি।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফরিদপুর জেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
 
সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। গত সপ্তাহে দাম ছিল ১৮০ টাকা। কাঁচামরিচের দাম ২০ টাকা কমে হয়েছে ১৩০ টাকা। সাদা গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। লম্বা বেগুনের দাম কমে ৮০ টাকায় নেমেছে; গত সপ্তাহে ছিল ১২০ টাকা।
 
তবে সবজির বাজারে কিছু পণ্যের দাম কমলেও টমেটোর দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। এ ছাড়া ধুন্দল ৮০, ফুলকপি ৬০, শসা ৭০-৮০, গাজর ১০০, কাঁকরোল ও করলা ৮০ এবং পটল ও ঢেঁড়স ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিটি লাউয়ের দাম ৫০-৬০ টাকা। চারটি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।
 
ফরিদপুর সদর উপজেলার সরকারি হেলিপ্যাড কাঁচাবাজারের সবজি বিক্রেতা আহমেদ বলেন, ‘শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এতে পাইকারি বাজারে কিছু পণ্যের দাম কমেছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে। তবে সব সবজির দাম কমেনি।’
 
ক্রেতাদের প্রত্যাশা, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমবে। এতে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন।
 
সবজির পাশাপাশি মাছের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি কেজি বড় রুই বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকা, কাতলা ৪০০-৪২০, পাঙাশ ২০০ এবং পাবদা ৩৬০ টাকা দরে। দেশীয় ছোট মাছের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
 
কানাইপুর বাজারে মাছ কিনতে আসা আমেনা বেগম বলেন, ‘চার-পাঁচ দিন আগেও বড় রুই কিনেছি কেজি ৪৫০ টাকা দরে। আজ ৩৫০ টাকায় কিনতে পেরেছি। সবজির বাজারেও কিছু পণ্যের দাম কমেছে। শীতের আগাম সবজি ওঠায় এমনটা হতে পারে।’
 
একই বাজারের মাছ বিক্রেতা হোসনেয়ারা বলেন, ‘পূজার ছুটিতে অনেকে গ্রামে চলে গেছেন। তাই বাজারে ক্রেতা কম। মাছের সরবরাহ থাকলেও বিক্রি কম হচ্ছে। এ কারণে দাম কিছুটা কমেছে। তবে মাছের দাম সব সময় ওঠানামা করে।’
 
মাছ ও কিছু সবজির দাম কমলেও মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সোনালি ৩১০-৩২০ এবং লেয়ার ৩৫০-৩৬০ টাকায়। প্রতি ডজন ডিমের দাম ১৫০ টাকা।
 
ফরিদপুরের টেপাখোলা বাজারের মুরগি বিক্রেতা আরমান বলেন, ‘পাইকারি বাজারে মুরগির দাম বেশি। তাই খুচরা পর্যায়ে দাম কমানো সম্ভব হচ্ছে না।’
 
ডিম বিক্রেতা আবু জাফর বলেন, ‘ডিমের দাম প্রতিদিনই বাড়ছে। আপাতত দাম কমার সম্ভাবনা দেখছি না।’
 
ফরিদপুরের বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও এর সুফল এখনও পুরোপুরি পাচ্ছেন না ক্রেতারা। কিছু পণ্যের দাম কমায় সাময়িক স্বস্তি মিললেও টমেটো, মুরগি ও ডিমের বাড়তি দাম তা ম্লান করছে। শীতের সবজির সরবরাহ আরও বাড়লে বাজারে দাম কমবে—এমন প্রত্যাশা সাধারণ ক্রেতাদের।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শীত   সবজি   বাজার   দাম   চড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close