ফরিদপুর সদর উপজেলায় কলা খেতে এসে জালে আটকা পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা প্রাণীটিকে উদ্ধার করেন। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের কলা ব্যবসায়ী আব্দুস শুকুর আলীর বাড়ি থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে রাতের আঁধারে শুকুর আলীর কলা রাখার ঘরে ঢুকে একটি প্রাণী কলা খেয়ে নষ্ট করছিল। এতে ক্ষতির মুখে পড়ছিলেন ওই ব্যবসায়ী। প্রাণীটির উৎপাত ঠেকাতে সম্প্রতি কলার ঘরের চারপাশে জাল দিয়ে ঘিরে রাখা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর) রাতে কলা খেতে এসে জালে জড়িয়ে আটকা পড়ে গন্ধগোকুলটি।
পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে যায়।
আব্দুস শুকুর আলীর ছেলে মো. ইসমাইল আলী বলেন, ‘গত কয়েক মাস ধরে রাতে কলার ঘরে ঢুকে একটি প্রাণী কলা নষ্ট করত। সকালে উঠে তাঁরা নষ্ট কলা দেখতে পেতেন। এ কারণে ঘরের চারপাশে জাল টাঙানো হয়েছিল। বুধবার রাতে প্রাণীটি সেই জালে আটকা পড়ে। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।’
ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন বলেন, ‘গন্ধগোকুল একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী। খবর পাওয়ার পর বন বিভাগের সদস্যরা সেটিকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে এসেছেন। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে। সুবিধাজনক সময়ে সেটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’
বন্যপ্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
কেকে/এমএ