সাতক্ষীরার তালা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে মা ও মেয়ের ওপর প্রতিপক্ষরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ সময় একই সাথে বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাট করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মা ও মেয়েকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার সুভাষিনী গ্রামে এই ঘটনা ঘটে।
সুভাষিণী গ্রামের মৃত মকিম মোড়লের ছেলে মশিউর রহমান জানান, তার মালিাকানাধীন জমি নিয়ে প্রতিবেশী আজিবার রহমান, হাবিবুর রহমান ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা ইতোমধ্যে জোরপূর্বক ৪ শতক জমি দখল করে নিয়েছে এবং আরও ৭ শতক জমি জোর দখল করার জন্য পাঁয়তারা চালাচ্ছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রোববার বিকাল ৪টার দিকে হাবিবুর রহমান, আজিবার রহমান গং জোর দখল নিতে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী ও কন্যারা বাধা দিলে তাদের ওপর হামলা চালালে বাঁচার জন্য ঘরের মধ্যে যেয়ে দরজা আটকিয়ে দেয়। এ সময় হামলাকারী আজিবার রহমান, মোতাচ্ছিম ও হাবিবুর রহমানসহ পাঁচজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে স্ত্রী রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় ২ শিশু কন্যা এগিয়ে আসলে তাদেরকে মারধর করা হয়।
হামলাকারীরা এ সময়ে ঘরের আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে বলে অভিযোগে বলা হয়েছে।
হামলার ঘটনায় গুরুতর আহত স্ত্রী রেহেনা বেগম ও কন্যা মুশফিকা আক্তারকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান বাদী হয়ে তালা থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
কেকে/এমএ