শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
জাতীয়
বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, সতর্ক বাংলাদেশও
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ এএম

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জারি করা সতর্কতায় বলা হয়েছে, দুর্বলতা দুটি কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর নির্দেশনা পাঠানোর সুযোগ পেতে পারে। এতে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়া, তথ্য চুরি এবং ওয়েবসাইটের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা দুর্বলতা দুটি ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত। এগুলোর শনাক্তকরণ নম্বর সিভিই-২০২৬-১০৯৬১৮ এবং সিভিই-২০২৬-১০৯৬১৯। প্রতিবেদনে উল্লেখ করা আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি দুটির ঝুঁকির স্কোর ১০-এর মধ্যে ৯ দশমিক ২।

বিজিডি ই-গভ সার্টের তথ্য অনুযায়ী, পিএইচপির তথ্য প্রক্রিয়াকরণসংক্রান্ত কিছু দুর্বলতা কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি অনুরোধ সার্ভারে পাঠাতে পারে আক্রমণকারীরা। এতে সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানোর সুযোগ তৈরি হতে পারে। কোনো কোনো পরিস্থিতিতে সার্ভারের নিয়ন্ত্রণও হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে।

পিএইচপি-এফপিএম, অ্যাপাচির মড পিএইচপি, পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি ও লাইটস্পিডের মতো প্রযুক্তি ব্যবহারকারী ওয়েবসাইটগুলোর নিরাপত্তা যাচাই প্রয়োজন। একই সার্ভারে একাধিক ওয়েবসাইট পরিচালনা করা হলে কিংবা ডকারের মতো প্রযুক্তি ব্যবহার করা হলে ঝুঁকির বিষয়টি আলাদাভাবে মূল্যায়ন করা জরুরি।

এ ধরনের দুর্বলতা কাজে লাগিয়ে হামলা সফল হলে সরকারি ওয়েবসাইট, ব্যাংকিং সেবা, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ওয়ার্ডপ্রেস ও লারাভেলভিত্তিক ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্ভাব্য ক্ষতির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ফাইল ও তথ্য চুরি, তথ্যভান্ডারে প্রবেশের গোপন তথ্য ফাঁস, ওয়েবসাইট অচল হয়ে যাওয়া এবং সার্ভারের নিয়ন্ত্রণ হারানো।

ঝুঁকি কমাতে পিএইচপির সংশোধিত ও নিরাপদ সংস্করণে দ্রুত হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা সংস্করণগুলো হলো ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ ও ৮.২.৩৫।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শুধু ওয়েবসাইটের সফটওয়্যার বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হালনাগাদ করলেই হবে না। সার্ভারে ব্যবহৃত পিএইচপির মূল সংস্করণও সংশোধিত সংস্করণে নিতে হবে। হালনাগাদ সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা সংশোধন কার্যকর হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি।

তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা সম্ভব না হলে সার্ভারে প্রবেশাধিকার সীমিত রাখা, ভিপিএনের মাধ্যমে নিরাপদ সংযোগ নিশ্চিত করা এবং অনুমোদিত আইপি ঠিকানার বাইরে থেকে প্রবেশ বন্ধ রাখার মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। পাশাপাশি সার্ভারের কার্যক্রমের লগ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

তবে এসব ব্যবস্থা সাময়িক সুরক্ষা দিতে পারে। দুর্বলতা দূর করার জন্য সংশ্লিষ্ট নিরাপদ সংস্করণে হালনাগাদ করাই প্রধান পদক্ষেপ।

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি বিশ্লেষণ শেষে এটি আবার চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করে তা সমাধানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা কাজ করছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সাইবার হামলা   শঙ্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close