মাগুরার শ্রীপুরে বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত দুজনের একজন মুসলিম ও অন্যজন হিন্দু সম্প্রদায়ের।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার মকরদমখোলা গ্রামের আজম লস্করের ছেলে মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির এলাকায় বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। এর কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে আলমগীরকে বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। অন্যদিকে, দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে যান।
আলমগীরের বাবা আজম লস্কর জানান, অসুস্থ হয়ে পড়ার পর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা আলমগীরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিধানের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, বৃহস্পতিবার গভীর রাতে বিধানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া জানান, অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উৎসবের সময় নেশাজাতীয় দ্রব্যের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে দুই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
কেকে/সাশ