ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার আড়কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটিতে ছয়জন যাত্রী ছিলেন। বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রীর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুখালী ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা মো. শামীম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
তিনি আরও জানান, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
কেকে/সাশ