ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। একে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের অতৎপরতা দেখা গেছে। নেত্রীকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন নেতাকর্মীরা। নানা অপকৌশল ও ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন তারা। লাঠি-বৈঠা নিয়ে ঝটিকা মিছিল করছেন। মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রচার করা হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তারও হচ্ছেন কেউ কেউ।
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের রাজনীতি কার্যত স্থবির রয়েছে। ২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ভারতে অবস্থানরত দলটির সভাপতি শেখ হাসিনাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে ইতোমধ্যে সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দলটির যে কোনো ধরনের কার্যক্রম ও প্রচারণার বিরুদ্ধে বর্তমান সরকারও কঠোর অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতেও আওয়ামী লীগ ও তাদের দোসররা সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এ বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের তরফ থেকেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে সুস্পষ্ট বার্তা দিয়েছেন সরকার-প্রধান। একই কথা বলেছেন ক্ষমতাসীন দল বিএনপির নেতারাও। এ ছাড়া সরকারের উপদেষ্টা ও সংশ্লিষ্ট মহলও আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা ও উসকানি দেওয়ার অভিযোগও এনেছে।
এ বিষয়ে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের কয়েকটি জায়গায় ও কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা সেখানে অর্থ সরবরাহ করছে। অর্থ সরবরাহ করে কাদের সাহায্য করছে। এই যে কিছু লোক আছে, যারা ভ্রান্তি ছড়ায় দেশে, যারা বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করেছিল নির্বাচনের আগে মিথ্যা কথা বলে। এই দুইপক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে। আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পরই দেশের মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী রাত-দিন পরিশ্রম করছেন। কিন্তু আমাদের প্রধান বিরোধী দল বিভিন্ন স্থানে হাঙ্গামা তৈরিতে ভূমিকা রাখছে। তারা অহেতুক দাবি নিয়ে রাজপথে বিশৃঙ্খলা করতে চায়। অপরদিকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতারাও ভারতে বসে দেশবিরোধী নানা কর্মকাণ্ড পরিচালনা করছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ এবং আরেকটি অজ্ঞাত দল মিলে দেশে বিভ্রান্তি ও ষড়যন্ত্র ছড়াচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে এক সমাবেশে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনও একই অভিযোগ করেনছেন। গত বৃহস্পতিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৯৬ এবং ১৯৮৬ সালের মতো এবারও জামায়াত ও আওয়ামী লীগ মিলে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এর আগে ১৩ অক্টোবর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশে সহিংসতা উসকে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
হাসিনার ফেরার ঘোষণা প্রচারে মাইকিং
আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন— এমন ঘোষণা দিয়ে নওগাঁর মান্দায় মাইকিং করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। পুলিশ জানায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নে রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আগের দিন রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আব্দুল জলিল সরকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
গাজীপুরে থানার সামনে যুবলীগের মিছিল
গাজীপুরের শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আট নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার জুমার নামাজের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার কিছু আগে অধিকাংশ মানুষ জুমার নামাজে থাকাকালে কয়েকজন যুবক পৌর শহরের থানার সামনে জড়ো হন। পরে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি-সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহরে মিছিল বের করে। নামাজের সময় আটজনকে আটক করা হয়।
এদিকে বরগুনার বামনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ সময় পুলিশ ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশ নামে একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সকালে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খাঁন বলেন, খবর শুনে পুলিশ ধাওয়া করে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে।
ঈশ্বরগঞ্জে লাঠি-বৈঠা নিয়ে ছাত্রলীগের মিছিল
গত মঙ্গলবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাঠি ও বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডল। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মণ্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন জানান, মিছিলের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের সহদেবপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে শহরতলির কালিপাল দশমীঘাট-সংলগ্ন এলাকায় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন তরুণ মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেকে/সাশ