বগুড়ার শেরপুর উপজেলায় মায়ের শাসনে অভিমান করে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাই কান্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম হালিমা খাতুন (১৩)। সে স্থানীয় কানাই কান্দর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার আবদুল হান্নানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ঘরে বসে মোবাইল ফোন ব্যবহার করছিল হালিমা। এ সময় তার মা এসে মোবাইল ফোন রেখে পড়ালেখা বা অন্য কাজের কথা বলে তাকে শাসন করেন। এতে মায়ের ওপর অভিমান করে সে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/এআই