বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ, ঢাকার সড়ক-নর্দমা সংস্কার, তিতাস গ্যাসক্ষেত্রে দুইটি কূপ খনন, পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট স্থাপন ও সরকারি কর্মচারীদের আবাসন নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছে সরকার। এগুলোসহ ১৫টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উঠছে।
জানা গেছে একনেকের ২০২৬-২৭ অর্থবছরের ষষ্ঠ সভা এবং বর্তমান সরকারের ১১তম সভা আগামীকাল রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা বিভাগের একনেক শাখা-২ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আজকের একনেক সভায় অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত ১৫টি প্রকল্প ওঠতে পারে। এগুলো হলো স্থানীয় সরকার বিভাগের বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন প্রধান সড়কসমূহের ক্ষতিগ্রস্থ রাস্তা, নর্দমা ও ফুটপাতের সংস্কার ও উন্নয়ন প্রকল্প, বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ, প্রবৃদ্ধি : লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ, ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সেনানিবাসে মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, ঢাকা সেনানিবাসে সেনাসদর এমটি কোম্পানী এলাকায় গাড়ি পার্কিং এবং আবাসিক সুবিধাদিসহ মাল্টিপারপাস ভবন নির্মাণ।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জিগাতলাস্থ গাবতলা কলোনীতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসন ভবন নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন (প্রথম সংশোধিত) (প্রস্তাবিত দ্বিতীয় সংশোধিত)।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিতাস গ্যাস ফিল্ডে দুইটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম : ইন্টিগ্রেটেড পলিউশন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট সিস্টেম অব তুরাগ রিভার ইসিএ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প (তৃতীয় সংশোধিত) প্রকল্প।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, একনেক সভা শেষে বিকাল তিনটায় শেরে বাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করবেন।
কেকে/এমএ