রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      
খোলাকাগজ স্পেশাল
সংগঠিত হচ্ছে আ.লীগ, চলছে নাশকতার চেষ্টা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:০৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। প্রকাশ্য কর্মসূচির পথও কার্যত বন্ধ। তবে দলটির নেতাকর্মীরা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তারা এক জোট হচ্ছেন। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিজেদের সক্রিয়তা জানান দিচ্ছেন। মাইকিং করে নেত্রীর দেশে ফেরার ঘোষণা প্রচার করা হচ্ছে। কোনো কোনো স্থানে লাঠি-বৈঠা নিয়ে ঝটিকা মিছিল করছেন নেতাকর্মীরা। মিছিল থেকে আবার তাদের মধ্যে কেউ কেউ সুযোগ পেলেই নাশকতার চেষ্টা করছেন। পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটছে। 

সম্প্রতি দলটির নেতাকর্মীদের নানা কর্মকাণ্ডে বিষয়টি সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনার হঠাৎ দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক বয়ান পরিবর্তনের একটা চেষ্টা থাকবে। সহিংসতা ও পাল্টা দমন-পীড়নের ঘটনা সামনে এলে রাজনৈতিক বিতর্ক সরে গিয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দিকে চলে যেতে পারে। তাছাড়া রাজনৈতিক দলের নেতারাও অভিযোগ করেছেন, আওয়ামী লীগ গোপনে বিভিন্নভাবে সংগঠিত হওয়ার বা মাঠের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা :

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে একদল যুবক মিছিল নিয়ে একটি মোড়ের দিকে যান। তাদের হাতে হকিস্টিক, ফালি করা কাঠসহ লাঠিসোঁটা দেখা যায়। 

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, দুপুরের দিকে পুলিশ সদস্যরা খেয়াঘাট এলাকায় গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালান। তাদের হাতে হকিস্টিকসহ দেশীয় অস্ত্র ছিল। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর করেন।

হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান :

হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে থাকা অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা শাহ তপুর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এক উপপরিদর্শক ও এক নারী কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল দুপুরে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে অভিযান চালিয়ে শাহ তপুকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে থানার হাজতে রাখা হয়। এ সময় জুয়েল তাকে পানি দিতে গিয়ে কৌশলে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় জুয়েলকেও গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে বগুড়ায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গাবতলী উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে মিছিল :

গত শুক্রবার দুপুরে কুমিল্লা নগরে ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনার পর ১৭ জনকে আটক করেছে পুলিশ। 

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, জুমার নামাজের খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী নুরপুর তেলিকোনা সড়কে একটি ঝটিকা মিছিল করেন। পরে ভিডিও পর্যালোচনা করে ১৭ জনকে আটক করা হয়। 

পুলিশের তথ্য অনুযায়ী, আটক কাইয়ুম নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার একজন কর্মী এবং মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। ভিডিওতে মিছিলকারীদের নানা স্লোগান দিতে শোনা যায়। তাদের কয়েকজনের হাতে লাঠি এবং মুখে মাস্ক দেখা যায়। এ ছাড়াও চট্টগ্রামের বাঁশখালীতে গতকাল ভোরে মিছিল করেছে ছাত্রলীগ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। মিছিলটি ভোর ছয়টার দিকে হয়েছে। ভিডিও থেকে পুলিশ ৮-১০ জনকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

এদিকে গত শুক্রবার সন্ধ্যার দিকে ‎রাজধানীর পুরান রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রমনা পুরান থানার সামনে হঠাৎ মোটরসাইকেলে দুইজন এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ককটেলের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। ‎

এ বিষয়ে রমনা মডেল থানার এসআই আবদুল আল মোহসিন জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পুরান রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে স্থানীয়দের ধারণা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরাতে আওয়ামী লীগ ও তাদের দোসররা সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের তরফ থেকেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রতি বিভিন্ন স্থানে গোপনে কমিটি পুনর্গঠনের চেষ্টার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে। সেপ্টেম্বরে গাজীপুরে গোপনে দলীয় কমিটি পুনর্গঠনের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। পুরোনো নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধি ও অনুসারীদের মধ্যে ফোন এবং সামাজিক মাধ্যমে ঘরোয়া যোগাযোগ অব্যাহত রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন তা জেনেবুঝেই দিয়েছেন, এতে আমি মনে করি, প্রতিবেশী দেশ ভারতেরও অনুসমর্থন রয়েছে। তাদের ভুখণ্ডে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, বিভিন্ন হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এতে উৎসাহিত হয়ে দেশে থাকা তাদের নেতাকর্মীরা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   নাশকতা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close