চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরাণগড় ও বাজালিয়া ইউনিয়নের মধ্যবর্তী গোফরান চৌধুরীর টেক সড়কের দুই পাশে অবস্থিত কয়েকটি টয়লেটের অপরিচ্ছন্ন পানি সড়কে ছড়িয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। চলাচলকারী যানবাহনের চাকার ধাক্কায় ওই নোংরা পানি ছিটকে পথচারীদের গায়ে ও কাপড়ে লাগছে। এতে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশের টয়লেটের পানি নিয়মিতভাবে সড়কে এসে পড়ায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থী, শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতিনিয়ত এ ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কে অপরিচ্ছন্ন পানি ছড়িয়ে পড়ার বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলে পরিবেশদূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।
ভোগান্তির কথা জানালেন পথচারীরা
স্থানীয় এক পথচারী সোহেল উদ্দিন বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হয়। রাস্তার ওপর টয়লেটের পানি জমে থাকায় গাড়ি চলাচলের সময় নোংরা পানি গায়ে এসে পড়ে। এতে কাপড় নষ্ট হয় এবং বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
আরেক পথচারী মহিউদ্দিন বলেন, ‘এ সড়ক দিয়ে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা যাতায়াত করেন। টয়লেটের পানি সড়কে ছড়িয়ে থাকায় তাদের চলাচলে অসুবিধা হচ্ছে। বিশেষ করে পরিষ্কার পোশাকে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে যাওয়া মানুষের জন্য এটি খুবই দুর্ভোগের বিষয়। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিক।’
এ বিষয়ে সংশ্লিষ্ট পুরাণগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‘সড়কের ওপর টয়লেটের পানি ছড়িয়ে পড়ার বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মুসল্লিরা দুর্ভোগে পড়ছেন। বিষয়টি সরেজমিনে দেখে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহম্মদ বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ জানাননি। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল বলেন, ‘আমি ছুটিতে আছি। এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
স্থানীয় সচেতন মহলের মতে, জনসাধারণের চলাচলের সড়কে টয়লেটের অপরিচ্ছন্ন পানি ছড়িয়ে পড়া বন্ধে সংশ্লিষ্ট বাড়ি বা স্থাপনার মালিকদের প্রয়োজনীয় নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
সড়কটি পথচারী, শিক্ষার্থী ও মুসল্লিদের নির্বিঘ্ন চলাচলের উপযোগী রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কেকে/ এমএস