রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      
খেলাধুলা
মেসির হার আর নেইমারের লাল কার্ডে মলিন রাত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল মাঠে একই দিনে হতাশার মুখে পড়েছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও নেইমার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছে মেসির ইন্টার মায়ামি। 

অন্যদিকে, ব্রাজিলের ঘরোয়া লিগে বাহিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। তবে তার দল সান্তোস ম্যাচটি শেষ করেছে ১-১ গোলের ড্র নিয়ে।

স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণের পর ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেছিলেন মেসি। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের ৫৬তম মিনিটে বদলি হিসেবে নামলেও দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি ৩৯ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকা।

ম্যাচের সপ্তম মিনিটে ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় রেড বুলস। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে এমিল ফোর্সবার্গের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ফলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এমএলএসের চলতি মৌসুমে ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রয়েছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়ে যৌথভাবে অ্যাসিস্টের তালিকার শীর্ষেও আছেন তিনি। তবে রেড বুলসের বিপক্ষে এসব পরিসংখ্যান দলের কাজে আসেনি।

অন্যদিকে, ব্রাজিলের ভিলা বেলমিরো স্টেডিয়ামে বাহিয়ার বিপক্ষে ম্যাচে নাটকীয় পরিস্থিতির মুখে পড়েন নেইমার। ৩৯ মিনিটে লুসিয়ানো জুবার গোলে এগিয়ে যায় বাহিয়া। ম্যাচের যোগ করা সময়ে লুয়ান পেরেজ পেট্রোনির গোলে সমতায় ফেরে সান্তোস।

তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নেইমারের লাল কার্ড। প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে কথা বলার সময় মুখের সামনে হাত রাখার ঘটনায় বিতর্ক তৈরি হয়। নেস্তরের অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করেন রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও। পরে নেইমারকে লাল কার্ড দেখানো হয়।

এ বহিষ্কারের কারণে পালমেইরাসের বিপক্ষে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। ম্যাচ শেষে নিজের বহিষ্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তার দাবি, নেস্তরের সঙ্গে কথোপকথনের সময় তিনি মজা করছিলেন এবং ভুলবশত মুখের সামনে হাত তুলেছিলেন। তবে প্রতিপক্ষের খেলোয়াড়ের প্রতিক্রিয়াকে ফুটবলের ‘নোংরা কৌশল’ বলে আখ্যা দেন ব্রাজিলিয়ান তারকা।

একদিকে মেসির দলের হার, অন্যদিকে নেইমারের লাল কার্ড—সব মিলিয়ে দুই তারকার জন্য দিনটি হয়ে থাকল হতাশার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেসি   হার   নেইমার   লাল কার্ড   মলিন   রাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close