খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিক স্থানীয় মজলিস খান (৭৫) এর লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল ইসলাম (২২) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাড়ীর মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়া গুরুতর আহত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও তার স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় নগরীর বসুপাড়া বকুলতলা শতরুপার মোড় এলাকায় বাড়িভাড়া নিয়ে মজলিস খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের কথা কাটাকাটির একপর্যায়ে মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় স্বজরে আঘাত করলে ভাড়াটিয়া রকিবুল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান জানান, ভাড়াটিয়া রকিবুলের মৃত্যুর ব্যাপারে বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে। তাছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/ এমএস