বান্দরবানে মাহা. ওয়াগ্যোয়াই পোয়ে. (প্রবারণা পূর্ণিমা) ২০২৬ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে উজানীপাড়া পর্যন্ত এ মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ম্যারাথনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।
প্রতিযোগিতায় নারী-পুরুষ মিলিয়ে ২২জন অংশগ্রহণ করে। ক্যামলং যাত্রীছাউনি থেকে শুরু হয়ে স্বর্ণমন্দির, বালাঘাটা, ট্রাফিক মোড় ও রাজার মাঠ হয়ে উজানীপাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে মিনি ম্যারাথন সমাপ্তি হয়।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জসিং থোয়াই মারমা প্রথম, ক্য ক্য মারমা দ্বিতীয় এবং উবাচিং মারমা তৃতীয় স্থান অর্জন করেন। নারী বিভাগে হ্লামে ছাই মারমা প্রথম, ছাইমে থুই মারমা দ্বিতীয় এবং খিং খিং সাইং মারমা তৃতীয় স্থান অধিকার। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি থুইসিং প্রু লুবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উইন মং জলি, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।
প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও প্রবারণা পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে বান্দরবানে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে হ্যান্ডবল টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন ও পিঠা উৎসবসহ নানা আয়োজন করা হচ্ছে।
কেকে/এআই