রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      
জাতীয়
প্যাকেটজাত খাদ্যের মোড়কে সামনে সতর্কবার্তা বিষয়ক প্রচারণা কর্মসূচির উদ্বোধন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

অতিরিক্তি চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়র মোড়কের সামনে সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) ভোক্তাদের স্বাস্থ্যকর খাবার বেছে নিতে সাহায্য করে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং কার্যকর নীতিমালা প্রণয়নে সরকারের চলমান প্রক্রিয়াকে সহায়তা ও জনসমর্থন প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশে প্রথমবারের মতো মাসমিডিয়া ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে সম্মিলিতভাবে অনুষ্ঠানটি আয়োজন করে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলদি ফুড এবং সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ)।

বাংলাদেশে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস-সম্পর্কিত অসংক্রামক রোগের (এনসিডি) ক্রমবর্ধমান বোঝার প্রেক্ষাপটে এই প্রচারণা কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী, যার মধ্যে হৃদরোগ এবং টাইপ-২ ডায়াবেটিস অন্যতম প্রধান কারণ। এছাড়া, বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে অতিরিক্ত ওজনের হার প্রায় ৩১.৮ শতাংশ, এবং ১৩.৪ শতাংশ মানুষ স্থূলতায় (ওবেসিটি) আক্রান্ত। অতিরিক্ত ওজন ও স্থূলতা টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি করে।

প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে থাকা সতর্কতামূলক লেবেল (এফওপিএল) খাবার বা পানীয়তে অতিরিক্ত পরিমাণে চিনি, লবণ এবং সম্পৃক্ত চর্বি (স্যাচুরেটেড ফ্যাট) রয়েছে কিনা তা দ্রুত শনাক্ত করতে ভোক্তাদের সাহায্য করে। পুষ্টি-সংক্রান্ত তথ্যকে স্পষ্ট ও সহজবোধ্য ভাবে উপস্থাপনের মাধ্যমে এই লেবেলসহ অষ্টভুজ আকৃতির সতর্কবার্তা মানুষকে সচেতন ও তথ্যভিত্তিক খাদ্য নির্বাচনে সহায়তা করে এবং অস্বাস্থ্যকর পণ্য কেনা নিরুৎসাহিত করে। খাদ্যপরিবেশ উন্নত করা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস-সম্পর্কিত রোগের বোঝা কমানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ও প্রমাণভিত্তিক নীতি হিসেবে বিবেচিত হয়ে থাকে।

প্রচারণা কর্মসূচিটি উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অস্বাস্থ্যকর মোড়কজাত খাদ্য ও পানীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে মোড়কের সামনে সতর্কবার্তা (এফওপিএল) সংক্রান্ত প্রয়োজনীয় প্রবিধানমালা প্রণয়নে কাজ করছে কর্তৃপক্ষ।”

ভিডিও ও অডিও বিজ্ঞাপন, স্থিরচিত্র (স্ট্যাটিক ইমেজ) এবং জনসচেতনতামূলক অন্যান্য উপকরণের সাহায্যে টেলিভিশন, রেডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ও মুদ্রিত সংবাদপত্র এবং গুগল বিজ্ঞাপনের মাধ্যমে দুই মাসব্যাপী এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে। অংশীদার প্রতিষ্ঠানগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এগুলো প্রচার করা হবে। এ প্রচারণা কর্মসূচির লক্ষ্য হলো সাধারণভাবে ব্যবহৃত প্যাকেটজাত খাদ্যপণ্যে থাকা অস্বাস্থ্যকর উপাদান এবং অতিরিক্ত চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা। এছাড়া, বাংলাদেশে প্যাকেটজাত খাদ্য ও পানীয়তে ফ্রন্ট-অব-প্যাকেজ সতর্কতামূলক লেবেল (এফওপিএল) প্রদান সংক্রান্ত প্রবিধানমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করাও এই প্রচারণার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এর রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব ও গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর-এর কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস। 

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের পরিচালক ইকবাল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, সিএলপিএর সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্যাকেটজাত খাদ্যের মোড়ক   সতর্কবার্তা বিষয়ক প্রচারণা কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close