সম্প্রতি সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম আবদুল বশিরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় সিরাজুল ইসলাম বলেন, ‘জীবিকার তাগিদে বিদেশে যাওয়া একজন বাংলাদেশির এমন পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি পরিবারের সদস্যরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা উপলব্ধি করা জরুরি। এ সময়ে পরিবারটিকে একা ফেলে রাখা যাবে না। তাদের পাশে দাঁড়ানো ও প্রয়োজনীয় সহযোগিতা করা মানবিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘নজরুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
জেলা পরিষদের প্রশাসক বলেন, ‘জেলা পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিশেষ করে নজরুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। দল-মতনির্বিশেষে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।’
উল্লেখ্য, নজরুল ইসলাম আবদুল বশির ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সেখানে তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বর্তমানে তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
কেকে/এআই