ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে ওই পোস্টে দাবির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
এ বিষয়ে রুবেল চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও রাজনৈতিক ক্ষতি হচ্ছে বলে তিনি মনে করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ তুলে তিনি বলেন, এসব কারণে তার পদত্যাগ করা উচিত।
অন্যদিকে, সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, রুবেল চৌধুরীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি নিজের আচরণ সংশোধন করেননি।
কেকে/সাশ