পরিবহন মালিকদের দ্বন্দ্বে একদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কিশোরগঞ্জ-ঢাকার (মহাখালী) রুটে বাস চলাচল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে এ রুটে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে।
কিশোরগঞ্জ ও ঢাকার মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে গতকাল রোববার এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিকভাবে বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফেরা চাকরিজীবী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে ঢাকাগামী মানুষকে পড়তে হয় বিপাকে।
রোববার সকালে কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনালে গিয়ে নির্ধারিত চার পরিবহনের বাস চলাচল বন্ধ দেখতে পান যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত বাস না পেয়ে বিকল্প পরিবহনের খোঁজ করেন। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়।
এ সময় ‘অনন্যা সুপার’ নামে একটি পরিবহনের বাস গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাত্রী পরিবহন করে। তবে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যাত্রীদের অভিযোগ, মহাখালী পর্যন্ত ৩৮০ টাকা ভাড়া হলেও গাজীপুর পর্যন্ত নেওয়া হচ্ছিল ৪০০ টাকা। গন্তব্যের আগেই নামিয়ে দেওয়া এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কেউ কেউ বাসের পরিবর্তে ট্রেনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
এক দিন বন্ধ থাকার পর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে পরিবহন মালিকদের মধ্যকার বিরোধের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আবারও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।
যাত্রী মোবারক হোসেন বলেন, “বাস বন্ধ থাকায় সকালে টার্মিনালে এসে বিপাকে পড়তে হয়েছে। আগে থেকে বিষয়টি জানা থাকলে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া যেত। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সময়মতো ঢাকায় পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। যাত্রীদের জিম্মি করে এ ধরনের সমস্যা তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।”
আরেক যাত্রী আলাল মিয়া বলেন, “কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের জন্য এই বাস রুটের ওপর অনেক মানুষ নির্ভরশীল। বাস বন্ধ থাকলে চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে। বিকল্প পরিবহনে যেতে অতিরিক্ত সময় ও টাকা খরচ করতে হয়। তাই মালিকদের নিজেদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, যাতে সাধারণ মানুষকে আর ভোগান্তিতে পড়তে না হয়।”
কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ বলেন, বাস চলাচল বন্ধের পেছনে যে সমস্যা রয়েছে, তা নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সভা হওয়ার কথা রয়েছে। ঢাকার পক্ষ থেকে অতিরিক্ত যে বাসগুলো দেওয়া হয়েছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। এখন আগের বাসগুলোই চলবে। এ কারণে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।
কেকে/ এমএস