ঢাকার ধামরাইয়ে জিনলিয়ান ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক চীনা নাগরিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১১টা ৫৮ মিনিটে পুরোপুরি নেভানো হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকার মালামাল।
এদিকে, লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গত সেপ্টেম্বরে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ তোলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (পশ্চিম) একটি দল কারখানাটিতে অভিযান চালায়। এ সময় তৈরি ব্যাটারি, ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামের পাশাপাশি আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। ভ্যাট ফাঁকির সন্দেহে প্রতিষ্ঠানটির দলিলপত্র জব্দ করা হয়।
পরে জব্দ করা নথি যাচাই করে এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রির তথ্য গোপন করেছে। এতে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল কেনার তথ্য গোপনের মাধ্যমে আরও ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়।
সব মিলিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ জানায় এনবিআর। গত ২০ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
কেকে/সাশ