আর্তমানবতার সেবায় নিয়োজিত রনজিত ফাউন্ডেশন টাঙ্গাইলের ধনবাড়ীর একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুধু ধনবাড়ী ও মধুপুর নয়, দেশ-বিদেশের যেকোনো প্রান্তের অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী কাজ করে আসছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে রনজিত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রতিভা বৃত্তি প্রকল্প ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ছেলে-মেয়েদের বৃত্তি প্রতিযোগিতা শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। রনজিত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান রনজিত সাহাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। আগামী দিনেও ধনবাড়ী, মধুপুরসহ সারা দেশে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে ফাউন্ডেশনটি কাজ করে যাবে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
নেশা ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে লেখাপড়ার প্রতি গুরুত্বারোপ করে এ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
রনজিত ফাউন্ডেশনের চেয়ারম্যান রনজিত সাহা ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্যে বলেন, রনজিত ফাউন্ডেশন ছয় বছর ধরে দেশের অসহায় ও দুস্থ পরিবার এবং ছেলে-মেয়েদের পড়ালেখায় সহায়তা দিয়ে দারিদ্র্য দূরীকরণে কাজ করে আসছে। আগামী দিনেও মানবতার সেবায় কাজ করে যাবে এ ফাউন্ডেশন।
প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের পরিচালক মাহমুদুল আমীন রইচ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, রনজিত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কিরণ বালা সাহা, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান এবং প্রতিভা বৃত্তি প্রকল্পের সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম শামসুল হকসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ১০৫ জন ও সাধারণ গ্রেডে ১৭৫ জনসহ মোট ২৮০ জনকে বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম আজিজুর রহমানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে গত এক বছরে উপজেলার ২৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কেকে/এমএস