গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক সড়কের পাবুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সড়ক পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাপাসিয়া থানা-পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সালনা হাইওয়ে থানার ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআই