সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ এবং সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ও সঠিক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ মুকিত, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোছাব্বির, হাজী আব্দুস ছোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, সাংবাদিক তাজউদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আল আমীন, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সামছুল ইসলাম জাবির, শিক্ষার্থী তানিয়া জাহান শ্রাবণী প্রমুখ।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ক্ষতিকর প্রভাব এবং এসব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহারের মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সমাজে ভুল বোঝাবুঝি, বিভেদ ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকে।
তারা আরও বলেন, যেকোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে একটি সচেতন, দায়িত্বশীল ও গুজবমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কেকে/এআই