কিশোরগঞ্জের পাকুন্দিয়া-পুলেরঘাট (আদর্শপাড়া) জিসিসিআর সড়কের ৭ কিলোমিটার ২০০ মিটার অংশের রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল থাকা সড়কটি সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সড়কটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করে কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
উদ্বোধন উপলক্ষে পাকুন্দিয়া মডেল মসজিদসংলগ্ন এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন। সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম জজ।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল, রোগীদের হাসপাতালে নেওয়া ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কটি ভৈরব আঞ্চলিক সড়কে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। পাশাপাশি ঐতিহ্যবাহী তারাকান্দি সবজির বাজারের পণ্য পরিবহনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ হলে দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, ‘নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতে সংস্কারের পরও সড়কটির বিভিন্ন অংশ, বিশেষ করে সেতুর সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সড়কটি টেকসই করার ওপর গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘কটিয়াদীতে প্রায় ১৫ কিলোমিটার সড়কের উন্নয়নে ১৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। কটিয়াদী থানা থেকে জালালপুর, লোহাজুরী ও রৌহাট হয়ে গজারিয়া পর্যন্ত সড়কটির কাজও দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হবে।’
পাকুন্দিয়ার সড়কের কাজে অনিয়ম বা নিম্নমানের কাজ চোখে পড়লে সংশ্লিষ্ট প্রকৌশলী কিংবা তাকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও আব্দুস সাত্তার, উপজেলা প্রকৌশলী দশরথ চন্দ্র তদ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম উজ্জ্বল, সদস্যসচিব শাহিন আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এআই