ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী আতাসুর এলাকায় এসএস টয় ইন্ডাস্ট্রিজ নামে একটি খেলনা কারখানার অষ্টম তলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শ্রমিকরা।
অগ্নিকাণ্ডের ঘটনায় সাকিব (১৮) নামে এক শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অগ্নিদগ্ধ হয়েছেন কারখানার অষ্টম তলার ইউনিটের ম্যানেজার মানিক।
আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।
কবির নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কারখানার অষ্টম তলার গোডাউনে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে হুড়োহুড়ি করে কারখানা থেকে বেরিয়ে আসেন শ্রমিকরা। এ সময় সাকিব নামে এক শ্রমিক গোডাউনের ভেতরে আটকা পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের সদস্যরা তার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেন। এসময় কোম্পানির ম্যানেজার মানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গোডাউনের ভেতরে খেলনা প্রিন্ট করার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ও প্লাস্টিকের মালামাল থাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। পুলিশ তাদের সার্বিক সহযোগিতা করছে। শেষ পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা জেলা সহকারী পরিচালক কাজী নাজিবুজ্জামান।
কেকে/এআই