সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে পাওনা টাকা নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ উঠানে তিনি ভাতিজা মির্জা টিটুর (৩৫) হামলার শিকার হয়ে নিহত হন।
নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া (৬০) স্থানীয় মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া তার ভাতিজা মির্জা টিটুর কাছে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।
বালাগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া ও তার আপন ভাতিজা মির্জা টিটুর মধ্যে পাওনা টাকা সংক্রান্ত বিরোধ চলছে। এরই সূত্র ধরে রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটেছে। এতে ভাতিজা মির্জা টিটুর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চাচা মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া তার নিজ উঠানে গুরুতর আহত হন। ঘটনার পর তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সংবাদ পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
এদিকে আজ সোমবার (২৬ অক্টোবর) ময়না তদন্ত শেষে বাদ মাগরিব মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বালাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
আব্দুল লতিফ তরফদার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
কেকে/এআই