বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় এক স্কুল কর্মচারী (দপ্তরি) ও এক শিশু নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্ব পাড়ার মোহাম্মদ সাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।
নিহত মং প্রু মারমা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন এবং শিশু সজিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী সময়ে মং প্রু মারমা হেডম্যান পাড়াতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে শিশু মোহাম্মদ সজিব গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ মর্মান্তিক দুটি আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সকলকে আরও অধিক সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ তদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
কেকে/এআই