চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৯০ বোতল সিরাপ, ৮ হাজার ৮৫০ পিস ওষুধ এবং ২৪১ প্যাকেট কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে। বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাত ২টা ২৫ মিনিটে নিমতলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগরের শিংনগর গ্রামের হালদারপাড়ার পাকা রাস্তার পাশ থেকে ৯০ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়।
একই দিন সকাল ৮টার দিকে গয়েশপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৯/এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের সোনা মিয়ার ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার ৮৫০ পিস ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ এবং ১৯১ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৮/এমপি থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকার পাকা রাস্তার পাশ থেকে আরও ৫০ প্যাকেট ভারতীয় আমদানি নিষিদ্ধ কীটনাশক জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/সাশ