রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও অন্যান্য অপরাধে অভিযুক্তসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় দুজন এবং অন্যান্য মামলায় ১৭ জন রয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।
এ ছাড়াও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক মাদক ও জুয়াবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ একজন এবং অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করেছে। এ সময় দুটি স্মার্টফোনসহ অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
গাজিউর রহমান জানান, সোমবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১২০ গ্রাম গাঁজা সহ মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে মো. নাজিবুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাজিবুল ইসলামের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
একই দিন রাত পৌনে ১টার দিকে মহানগর ডিবি পুলিশ বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. মাখসেদুজ্জামান স্বপ্নকে (২৩) গ্রেপ্তার করে। তিনি রাজপাড়া থানার নতুন বিলসিমলা (বন্ধ গেট) এলাকার মৃত মশিউজ্জামান সুজার ছেলে।
গ্রেপ্তারের পর তার ব্যবহৃত দুটি স্মার্টফোন তল্লাশি করে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি জিমেইল আইডি, তিনটি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত একটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপ পাওয়া যায়। এ ঘটনায় মাখসেদুজ্জামান স্বপ্নের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/এআই