আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী নাঈম আহমেদ হাওলাদার গণসংযোগ ও পথসভা করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব কর্মসূচি পালন করেন তিনি।
গণসংযোগকালে নাঈম আহমেদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে নাঈম আহমেদকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে বলে আয়োজকেরা জানান।
সভায় বক্তব্যে নাঈম আহমেদ হাওলাদার বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। তাকে ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেওয়া হলে অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেবেন তিনি।
তিনি আরও বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা তার অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান সুমন, সাবেক আহ্বায়ক রুহুল আমিন হোসেন রোমান, তালতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বশির উদ্দিন এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক তামিম হাসান রানা।
এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা মনির গাজি, সুলতানা সিকদার, পনু ঘড়ামীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ