মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      
রাজধানী
দেশীয় আসবাবের প্রদর্শনী নিয়ে শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:০০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে আইসিসিবির হল-৪ (নবরাত্রি)-তে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।

এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো ৩২৩টি স্টলে নিজেদের তৈরি আসবাব, আধুনিক নকশা ও বিভিন্ন পণ্য প্রদর্শন করছে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়াত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় কেবল দেশে উৎপাদিত ফার্নিচার প্রদর্শন করা হচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুযোগ রাখা হয়েছে।

মেলার উদ্বোধনী দিন শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। দেশীয় আসবাবশিল্পের পণ্য ও নকশা ক্রেতাদের সামনে তুলে ধরা এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফার্নিচারের বাজার সম্প্রসারণে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কেএম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

মোহাম্মদ হাসান আরিফ বলেন, ‘আমাদের ফার্নিচার শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। পণ্যের মান ও নকশায় আরও গুরুত্ব দিয়ে নতুন রপ্তানি বাজারে পৌঁছাতে পারলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।’

সেলিম এইচ রহমান বলেন, ‘দেশীয় ফার্নিচার শিল্পকে আরও এগিয়ে নিতে হলে মান, নকশা ও প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ও দক্ষ জনবল নিশ্চিত করতে হবে। পাশাপাশি কাঁচামালের সহজলভ্যতা, অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান ও পরিবেশগত শর্ত পূরণে শিল্প উদ্যোক্তাদের সহায়তা প্রয়োজন।’

মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল বলেন, ‘জাতীয় ফার্নিচার মেলা দেশীয় নির্মাতাদের জন্য তাদের সর্বশেষ নকশা, পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবন সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার একটি দারুণ সুযোগ। একই ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ডগুলোকে একত্র করার মাধ্যমে আমরা ক্রেতাদের নতুন ডিজাইন সম্পর্কে জানার, পণ্য তুলনা করার এবং নিজেদের চাহিদা অনুযায়ী ফার্নিচার বেছে নেওয়ার সুযোগ করে দিচ্ছি।’

মেলা চলবে ২৭-৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) পরিদর্শন করতে পারবেন। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)। মেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, কালবেলা ও অ্যাকসেস ইনফোটেক।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দেশীয়   আসবাব   প্রদর্শনী   জাতীয়   ফার্নিচার   মেলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close