খুলনার বটিয়াঘাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে সাবেক যুবদল নেতাকে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে খুলনা থেকে ফেরার পথে চক্রাখালি বাজারে তিনি গুলিবিদ্ধ হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে খুলনার বটিয়াঘাটা থানাধীন ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন জনৈক বাদশার দোকানের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে অহিদুল ইসলাম বাদল (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়।
আহত অহিদুল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে এবং ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বটিয়াঘাটার বড়করিয়ায় যুবদল নেতা সোহেল সন্ত্রাসীর গুলিতে আহত হন। মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা মহানগরীর নিরালা মোড়ে ছিনতাইকারীদের গুলিতে আহত হন জাপান টোব্যাকোর স্টাফ সালমান। গত ২৪ অক্টোবর দিনের বেলা তেরখাদায় যুবদল নেতা রামিম গুলিবিদ্ধ হন। একইদিন রাতে গুলিবিদ্ধ হন মুদী দোকানদার আকাশ কুণ্ডু। একই রাতে ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ও ক্লিনিক ভাঙচুর করা হয়।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়ার ফোকালপারসন আবির সিদ্দিক শুভ্র গুলির ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদলকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’
কেকে/এআই