মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি      ● ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ বিপর্যয়      ● বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান      ● টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা তাকাইচির      ● সীতাকুণ্ডে লরিচাপায় শিশুসহ নিহত ৫      ● বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের      
রাজনীতি
বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় শোডাউন ও বর্ণাঢ্য নানা কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে একত্র হন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচির নেতৃত্ব দেন।

কর্মসূচিতে বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্যসচিব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব হোসেন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে মহাসচিবের সঙ্গে যোগ দেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান।

নেতাকর্মীরা ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি নানা স্লোগান দেন। নেতাকর্মীদের হাতে শত শত জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়।

মোহাম্মদ আইয়ুব বলেন, ‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদ্‌যাপনের উপলক্ষ নয়, বরং সংগঠনের অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করে ভবিষ্যতের দায়িত্ব নির্ধারণের দিন। আজ ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে শৃঙ্খলা, সততা ও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে মানুষের আস্থা অর্জনে নিজেদের নিয়োজিত করার শপথের দিন; যে শপথ ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদলকে করিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘দেশের তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে যুবদল বরাবরই কার্যকর ভূমিকা রেখে এসেছে, ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমরা এমন একটি যুবসমাজ গড়ে তুলতে চাই, যারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং দেশ গঠনে প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা রাখবে।’

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির নেতৃত্ব দিয়ে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল বিএনপির ‘ইস্পাত কঠিন অগ্রবাহিনী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।’

ফ্যাসিস্ট সরকারের আমলের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘সংগ্রাম, সাহস, ঐক্য এবং বীরত্বের প্রতীক এই যুবদলকে রাজপথে বহুবার দমনপীড়নের শিকার হতে হয়েছে। মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে শুধু রাজনৈতিক কারণে। তবুও তারা গণতান্ত্রিক সংগ্রাম ও তাদের কর্তব্য থেকে একচুলও পিছপা হননি।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, যুবদলের সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ অক্টোবর। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বর্ণাঢ্য   আয়োজন   রাজধানী   যুবদল   প্রতিষ্ঠাবার্ষিকী   উদ্‌যাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close