জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের বিবৃতির ভাষা থেকে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠকের বিষয়টি স্পষ্ট হয় কি না। তার দাবি, বিবৃতিতে বৈঠক না হওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করা হয়নি এবং ভারত প্রসঙ্গও উল্লেখ করা হয়নি।
রাশেদ খাঁন লেখেন, ‘জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়ে অস্বীকার করে নাই এবং বিবৃতিতে কোথাও ভারত শব্দটা পর্যন্ত আনে নাই! কেন?’
তিনি আরও লেখেন, ‘মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে, জামায়াত তাকে রক্ষা করতে গেলে পুরো দলকে এর দায় নিতে হবে।’
পোস্টে জামায়াতের নেতাকর্মীদের স্লোগান নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, এ ঘটনায় দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, আগের দিন সাংবাদিকেরা গোলাম পরওয়ারের কাছে প্রশ্ন করতে চাইলে তিনি বা তার পাশ থেকে কেউ অন্য প্রশ্ন না করার কথা বলেছিলেন। কিন্তু গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর তিনি অন্য প্রশ্নের উত্তর দিতে চলে যান বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, ‘তিনি যদি ওই দিন অন্য প্রশ্ন না নিবেন, তবে কেন প্রথম প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে দ্বিতীয় প্রশ্নের যথাযথ উত্তর দিলেন?’
গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন আরও লেখেন, ‘তাদের ইসলাম মানে কি টুপি মাথায় দিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো?’
কেকে/ এমএস