বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
রাজনীতি
বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তির আইন করেছিল আ.লীগ: রিজভী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪১ পিএম

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তির আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক এ আয়োজনে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে কথা বলেন রিজভী।

রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি খাত ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারের প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। কোনো খাতই জবাবদিহির বাইরে থাকতে পারে না।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে অতীতের অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় রাখতে হবে।

দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত বলে মন্তব্য করেন রিজভী। অনেক দরিদ্র পরিবার ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করে উল্লেখ করে তিনি বলেন, শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন।

দারিদ্র্য নিরূপণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে আয়োজকদের গবেষণাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রিজভী বলেন, গবেষণার মাধ্যমে নতুন ধারণা ও প্রশ্ন উঠে আসা প্রয়োজন। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা না করে তা যাচাই-বাছাই করতে হবে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী।

নিজেদের চাহিদা মেটানোর পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে রিজভী বলেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। দেশ এগিয়ে যাবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। এ সময় সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম, গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ খাত   দায়মুক্তি   আইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close