মাদক, বাল্যবিয়ে ও সড়ক অনিয়মের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন জীবনযাপনের অঙ্গীকার করেছে মানিকগঞ্জের সাটুরিয়ার সহস্রাধিক শিক্ষার্থী। একই সঙ্গে নিয়ম মেনে সড়কে চলাচল, অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার শপথ নেয় তারা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, বাল্যবিয়ে প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি অযথা ঘোরাফেরা না করে পড়াশোনা ও ইতিবাচক কর্মকাণ্ডে সময় দেওয়ার আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে মাদক, বাল্যবিয়ে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরিতে তাদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের সাটুরিয়া শাখার ব্যবস্থাপক ইউসুফ হোসেন, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীদের এ সম্মিলিত শপথের মাধ্যমে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চা এবং নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
কেকে/সাশ