রংপুরের কাউনিয়ায় মাদক ও জুয়ার বিস্তার রোধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ দমনে পুলিশের টহল জোরদার, বাজার মনিটরিং এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাউনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিস্তার, চুরি-ছিনতাই, গো-খাদ্য ও পশু জবাইসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া শিশু খাদ্যের মান, বাজার মনিটরিং, বিদ্যুতের অস্বাভাবিক বিল, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষকদের কাছে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। এসব অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের টহল তৎপরতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, সভায় আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে উত্থাপিত সমস্যাগুলো কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
কেকে/সাশ