মধ্যপ্রাচ্যে হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে সৌদি আরবগামী ও সংশ্লিষ্ট রুটের ১৫৩টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী। ফ্লাইট চলাচল অনিশ্চিত হয়ে পড়ায় যাত্রা ও কর্মস্থলে পৌঁছানো নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।
বুধবার (২৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৭৬টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থগিতাদেশ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৩টি ফ্লাইট স্থগিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট স্থগিত রয়েছে।
বিমানবন্দরগুলোর সীমিত পরিচালন কার্যক্রমের কারণে সৌদি আরবগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে একের পর এক ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
কেকে/সাশ