জয়পুরহাটের কালাইয়ে প্রশাসনিক অনুমতি ছাড়াই পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়ে মাটিবোঝাই পাঁচটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উদয়পুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিবকে জবাবদিহির জন্য তলব করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার ননুজ বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব। জব্দ করা ট্রাকগুলো উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
উপজেলা ভূমি প্রশাসন সূত্রে জানা যায়, ননুজ বাজারসংলগ্ন এলাকায় কোনো ধরনের প্রশাসনিক অনুমতি বা আবেদন ছাড়াই পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাটিবোঝাই পাঁচটি ট্রাক জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অনুমতি ছাড়াই পুকুর খননের বিষয়টি দেখতে পান তাঁরা। পরে মাটিবোঝাই পাঁচটি ট্রাক জব্দ করে ভূমি অফিসে নেওয়া হয়। এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে তাঁর কার্যালয়ে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে মো. আহসান হাবিবের নাম এসেছে। তিনি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ননুজ বাজারের মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বর্তমানে দলীয় কোনো পদে তাঁর দায়িত্ব রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা ভূমি অফিস জানিয়েছে, অনুমতি ছাড়া পুকুর খনন ও মাটি কাটার বিষয়ে জব্দ করা ট্রাক এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ