স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) উদ্যোগে অন্তর্বর্তীকালীন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে অ্যাসেসমেন্ট অব বেস্ট প্র্যাকটিস ইন টার্মস অব বিল্ডিং মেটেরিয়ালস নিরূপণ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক সালমা শহীদ। তিনি বলেন, ‘জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে নির্মাণ সামগ্রীর গুণগত মান ও টেকসই ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় উপযুক্ত বিল্ডিং মেটেরিয়ালসের সর্বোত্তম চর্চা চিহ্নিত করে তা এলজিইডির সংশ্লিষ্ট সকল পর্যায়ে প্রয়োগ করতে হবে।’
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বলেন, ‘এই সমীক্ষা এলজিইডির জন্য অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণে স্থানীয়ভাবে সহজলভ্য, পরিবেশবান্ধব ও মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের কোনো বিকল্প নেই। পাশাপাশি ক্রিলিকের এই উদ্যোগের মাধ্যমে বিল্ডিং মেটেরিয়ালস ব্যবহারের সর্বোত্তম চর্চাগুলো মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।’
কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস কনসালটিং লিমিটেডের টিম লিডার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র মেটেরিয়াল স্পেশালিস্ট মো. গোলাম মাওলা, প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় মজুমদার পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাদের উপস্থাপনা তুলে ধরেন।
কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা উপস্থিত ছিলেন।
কেকে/এআই