মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ, মাদক নির্মূল, শীতকালীন চুরি প্রতিরোধ এবং হাকালুকি হাওরে অতিথি পাখি শিকার ও নিধন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।
সভা শুরুতে আগের সভার কার্যবিবরণী পাঠ করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।
সভায় উপজেলার যানজট নিরসন এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, শীতকালে চুরি প্রতিরোধে বাড়তি সতর্কতা, হাকালুকি হাওরে অতিথি পাখি শিকার ও নিধন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
এ সময় উপজেলার পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন জুড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুল মালিক পিপিএম, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ এবং জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ী প্রেস ক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, হযরত শাহখাকী (র.) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ ও সংরক্ষিত নারী ইউপি সদস্য রোশনা বেগমসহ অন্যরা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ