যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ টহলদল, কাশিপুর বিওপি বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৯ বোতল নেশাজাতীয় উইনসেরেক্স কাশির সিরাপ, ১০৯টি শাড়ি, ৫টি থ্রি-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল ফোন, বাংলাদেশি ২০ হাজার ৫০০ টাকা এবং ৬২৪টি প্রসাধনী সামগ্রী। জব্দকৃত মালামালের মোট মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
এ ঘটনায় আটক দুইজন হলেন রাজু রহমান (৩১) ও মেহেদী হাসান নাইম (২৪)। তারা দুজনই যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কেকে/এআই