নাটোরের গুরুদাসপুর উপজেলায় ধানখেত থেকে লাভলী বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মামুদপুর পূর্বপাড়া এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের ছেলে সাব্বির জানান, বুধবার সকালে তার মা লাভলী বেগম ও সৎবাবা রবিউল ইসলাম গবাদিপশুর খাবারের জন্য ঘাস কাটতে মাঠে যান। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার মা ফিরে আসেননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে তারা মাঠে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধানখেতের মধ্যে তার মায়ের মরদেহ দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম পলাতক থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রিয়াজুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআই