বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী      ● জাপানের সঙ্গে ৭টি চুক্তি ও সমঝোতা সই বাংলাদেশের      ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান      ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      ● কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক জয়      
জাতীয়
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজধানী ঢাকাকেও জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। এ জন্য বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বায়ুদূষণ কমানো এবং পরিবেশের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের সংস্কার পরিকল্পনা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা দেখা যায় না। অন্যদিকে ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি। আবর্জনা থেকে জীবাণু ছড়াতে পারে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। তাই নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য যথাযথভাবে অপসারণ করা প্রয়োজন।

তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রাস্তায় আবর্জনার কারণে মানুষের চলাচলে ভোগান্তি এবং দূষিত বাতাসের কারণে অসুস্থতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তুলতে পারা হবে একটি বড় সংস্কার। তার মতে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

সরকারের সংস্কার পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, এমন উদ্যোগই অগ্রাধিকার পাবে, যার সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষ সরাসরি ভোগ করতে পারবেন। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে নেওয়া পদক্ষেপের সুবিধা যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, কিছু সংস্কারে সীমিতসংখ্যক মানুষ উপকৃত হতে পারেন। তবে সরকারের অগ্রাধিকার হচ্ছে এমন উদ্যোগ বাস্তবায়ন করা, যাতে বৃহত্তর জনগোষ্ঠী লাভবান হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।

এসব পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রমনা মানুষের সমর্থন পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাধা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই এসব উদ্যোগকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সমর্থন দেন, যাতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি।’

এ সময় উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। দেশের উন্নয়নে পরিশ্রম, ধৈর্য ও ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী প্রবাসীদের সামনে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিশুদের জাপানি ভাষা শেখানো, স্বাস্থ্যসেবা ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়ানো, ব্যবসা-বাণিজ্য সহজ করা, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী। এতে ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   টোকিও   পরিচ্ছন্ন   শহর   রূপান্তর   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close