বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী      ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী      ● জাপানের সঙ্গে ৭টি চুক্তি ও সমঝোতা সই বাংলাদেশের      ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান      ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      
খোলাকাগজ স্পেশাল
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ
দেশে বাড়ছে খুন-খারাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯:৫১ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ৯:৫৩ এএম

দেশজুড়ে প্রকাশ্যে ঘটছে ভাঙচুর, ছিনতাই, হত্যাকাণ্ডের মতো ঘটনা। বিশেষ করে গত কয়েকদিনে রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ। এ ঘটনাগুলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবেই দেখছে নাগরিক সমাজ। 

গতকাল বুধবার লক্ষ্মীপুরে খোরশেদ আলম নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ছাড়া গত মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সময়ে এক যুবককে পিটিয়ে ও আরেক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র মনিঋষি নামের এক নরসুন্দকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। অন্যদিকে গত সোমবার মাগুরা শহরে রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন আবুল খায়ের নামে এক অবসরপ্রাপ্ত সচিব। এর আগে গত রোববার গাজীপুরে বাসায় ঢুকে এক দম্পতিকে মারধর ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের সামনেই ওই দম্পতিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। যারা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সরকারকে সতর্ক হতে হবে। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহজ হবে।’ 

তিনি আরও বলেন, ‘আইন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা শুধু মৌখিকভাবে থাকলে হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং আইন প্রয়োগের অনুকূল পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সরকার কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, সেটি বাংলাদেশের বাস্তবতায় একটি বড় প্রশ্ন।’ 

তিনি বলেন, ‘আমরা চাই, আইনশৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর হোক। বর্তমানে চাঁদাবাজি, অবৈধ ব্যবসা, আধিপত্য বিস্তার এবং এসবের জেরে হত্যা, সংঘাত ও সহিংসতার যেসব ঘটনা ঘটছে, সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।’

ডেকে নিয়ে ব্যবসয়ীকে হত্যা : লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা দেড়টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ওয়ালিদ নামের ব্যক্তি মাটির ব্যবসা নিয়ে এর আগেও তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। স্বামীকে হারিয়ে এখন নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত আকলিমা। তার আশঙ্কা, পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হতে পারেন।

যাত্রাবাড়ীতে দুজনকে হত্যা : 

রাজধানীর যাত্রাবাড়ীতে একদিনে দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় নিশাত (২৭) নামের এক যুবককে পিটিয়ে এবং সন্ধ্যায় ধলপুর সিটি গলির পাশে দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুখু (২০) নামের এক তরুণ নিহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা : 

ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামিরদিয়ার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাদ্দাম (২৬) নামের এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। অভিযুক্ত সাদ্দামকে পুলিশ আটক করেছে। তিনি একই এলাকার বাবুল মিয়া ছেলে। রবীন্দ্রর সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান আছে।

রবীন্দ্রের স্ত্রী সূচিত্রা রানী ঋষির অভিযোগ, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গতকাল রাত সোয়া আটটার দিকে ভালুকার জামিরদিয়া এলাকা থেকে হত্যায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাস্তায় হামলার শিকার সাবেক সচিব : 

মাগুরা শহরে রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত সচিব ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আবুল খায়েরের (৭৭) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার গাড়িচালক কামাল হোসেনও আহত হন। এ ঘটনায় উন্মেষ (৪০) নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

বাসায় ঢুকে দম্পতিকে, মামলা নেয়নি পুলিশ : 

গাজীপুর মহানগরের কুনা এলাকায় একটি বাসায় ঢুকে এক দম্পতিকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও থানায় এ ঘটনায় মামলা নেয়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। গত রোববার মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) ও তার স্ত্রী নওরীন মহসীন (২১)।

ফুয়াদ আলম জানান, রোববার রাতে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ফুয়াদের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তার ডান হাতে কোপ দেয়। এ সময় ফুয়াদকে বাঁচাতে গেলে তার স্ত্রী নওরীন মহসীনকে শ্লীলতাহানি ও মারধর করে দুর্বৃত্তরা।

নওরীন মহসীন জানান, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার আগেই তিনি কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন। একপর্যায়ে গাছা থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। তবে পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা তাদের সন্তানসহ সবাইকে খুন করার হুমকি দিয়ে বাসা ছেড়ে চলে যেতে বলে। পরে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর মামলা করতে গেলে গাছা থানা-পুলিশ মামলা নেয়নি। এই পরিস্থিতিতে বর্তমানে তারা বাসাবাড়ি ছেড়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

মামলা না নেওয়ার বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজে হামলা করে আহত করার কোনো ঘটনা পাওয়া যায়নি। তাই মামলা নেওয়া হয়নি। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  দেশ   বাড়ছে   খুন-খারাবি   আইনশৃঙ্খলা   উদ্বেগ  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close