রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলে একটি করে ডিপ ফ্রিজ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে হল সংসদগুলোর প্রতিনিধিদের কাছে ফ্রিজগুলো হস্তান্তর করা হয়।
রাকসু নেতারা জানান, ফ্রিজ কেনার অর্থ রাকসুর তহবিল থেকে ব্যয় করা হয়নি। বরং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে স্পনসর সংগ্রহ করে ফ্রিজগুলোর ব্যবস্থা করা হয়েছে।
ফ্রিজ গ্রহণ করে শাহ মখদুম হল সংসদের ভিপি শামীম পাটোয়ারী বলেন, গত বছরের ১৬ অক্টোবর হল সংসদ ও রাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জনের পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন তারা। তবে তাদের তহবিল সীমিত ছিল।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী হলগুলোতে ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে হল সংসদগুলোর পক্ষ থেকে ফ্রিজ, জিমনেসিয়াম ও কম্পিউটার ল্যাব স্থাপনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। প্রশাসন কিংবা রাকসুর তহবিল থেকে অর্থের ব্যবস্থা না হলেও নিজস্ব উদ্যোগে স্পনসর সংগ্রহ করে ফ্রিজ দেওয়ায় তিনি রাকসুকে ধন্যবাদ জানান।
রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, প্রতিটি আবাসিক হলে ডিপ ফ্রিজ দেওয়ার প্রতিশ্রুতি ছিল তাদের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে তারা আনন্দিত। তবে ফ্রিজগুলো দিয়ে সব শিক্ষার্থীর চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব নাও হতে পারে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও হলগুলোতে ফ্রিজ দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছে। সদিচ্ছা ও সৎ উদ্যোগ থাকলে অনেক কিছুই সম্ভব—এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চান তাঁরা।
রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরে ফ্রিজের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন শিক্ষার্থীরা। ছেলেদের হলগুলোতে ফ্রিজ না থাকায় সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে এগুলোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, প্রথম ধাপে ছেলেদের সব আবাসিক হলে ফ্রিজ দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে ছাত্রীদের হলগুলোতেও ফ্রিজ দেওয়ার চেষ্টা করা হবে। রাকসুর মেয়াদ শেষ হলেও শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, রাকসু ও হল সংসদের নেতারা এবং ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেকে/সাশ