ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। তবে নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ ফলাফল মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে ফলাফল যা-ই হোক, তিনি তা মেনে নেবেন। তবে ‘মাগুরা মার্কা নির্বাচন’ হলে জনগণ ফলাফল মেনে নেবেন না।’
দেলাওয়ার হোসেনের ভাষ্য, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। ভোটগ্রহণের শেষ সময় পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা করছেন।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আসনটিতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোট নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রেই গণনা শুরু হবে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল সংগ্রহ ও পরিবেশনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। পাশাপাশি মাঠে রয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), ১১ দলীয় ঐক্যের দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে গত ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
কেকে/এআই